অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা

- আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
- ২৭ বার দেখা হয়েছে


কুমিল্লায় আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য লড়বেন না বলে মৌখিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অপ্রতিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয় উঠে আসে।
অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সমিতির সদস্যরা মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এ মামলায় আসামিদের পক্ষে দাঁড়াবেন না।
আসামিপক্ষে আইনজীবী না দাঁড়ালে বিচারপ্রক্রিয়ায় সমস্যা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, সে ক্ষেত্রে রাষ্ট্র আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করবে; একতরফা বিচার এড়াতেই এ ব্যবস্থা রয়েছে।






Leave a Reply