জাতীয় স্বার্থকেন্দ্রিক ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ওপর জোর

- আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
- ৪৫ বার দেখা হয়েছে


বাংলাদেশের পররাষ্ট্রনীতি নীতিনিষ্ঠ, বাস্তববাদী ও জাতীয় স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিরক্ষা কলেজের একটি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক অংশীদারত্বের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ ধারণার অর্থ বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকা নয়; বরং সার্বভৌমত্ব সুরক্ষিত রেখে পারস্পরিক সম্মান ও সুবিধার ভিত্তিতে সহযোগিতা বাড়ানো। তিনি মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসী কিন্তু সংঘাতমুখী নয়—এমন অবস্থান প্রয়োজন, যাতে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অক্ষুণ্ন থাকে।
হুমায়ুন কবির বলেন, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতি, নিরাপত্তা সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রযুক্তিগত রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় নিয়ে পররাষ্ট্রনীতিতে আরও কৌশলগত দৃষ্টিভঙ্গি দরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক একীকরণ বৃদ্ধির ওপরও তিনি জোর দেন।
চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আলাদা সুযোগ ও চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্য এবং জাতীয় স্বার্থের বিষয়টি স্পষ্ট থাকতে হবে। বিদেশে বসবাসরত ও কর্মরত বাংলাদেশিদের অধিকার, মর্যাদা ও কল্যাণকে কূটনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখার কথাও বলেন তিনি।
আন্তর্জাতিক অংশীদারত্ব যেন বাংলাদেশের বিকল্প পথ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত না করে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার সুযোগ বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ৫ অক্টোবর ২০২৬।






Leave a Reply