সাবেক সিইসি এটিএম শামসুল হুদার মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

সাবেক সিইসি এটিএম শামসুল হুদার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, বাসায় অসুস্থবোধ করলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শ্যালক আশফাক কাদেরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিএম শামসুল হুদার মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রাখা হয়েছে। জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

১৯৪২ সালে ফরিদপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করা এই বরেণ্য প্রশাসক ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।

এরপর ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এটিএম শামসুল হুদা। তাঁর নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এটিএম শামসুল হুদার মৃত্যুতে নির্বাচন কমিশন ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কমিশনের পক্ষ থেকে এক শোকবার্তায় তাঁকে স্মরণ করে জানানো হয়, তিনি দেশ ও জাতির জন্য এক নিষ্ঠাবান ও দক্ষ প্রশাসক ছিলেন।

স্ত্রী, একমাত্র মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে বিদায় নিয়েছেন এই প্রশাসনিক অভিভাবক। বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT