২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে

- আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
- ৫০ বার দেখা হয়েছে


জাতীয় ডেস্ক: যাত্রী ও পণ্য পরিবহনে ইঞ্জিনের সংকট কমাতে বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ দশমিক ৮৬ কোটি টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
প্রকল্পে সরকারি অর্থায়ন ৮১১ দশমিক ৩৮ কোটি টাকা এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে ঋণ ১ হাজার ৯৫৮ দশমিক ৪৮ কোটি টাকা। গত ৭ অক্টোবর একনেকে অনুমোদিত প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৯২টি লোকোমোটিভের মধ্যে ১৬৪টি মিটারগেজ ও ১২৮টি ব্রডগেজ। মিটারগেজ ইঞ্জিনের ১১৫টি ইতোমধ্যে ২০ বছরের অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রম করেছে; এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি। পুরোনো ইঞ্জিনের মেরামত ও যন্ত্রাংশ সংগ্রহ কঠিন হওয়ায় ট্রেন চলাচল ও মালবাহী পরিবহনে বাধা তৈরি হয়।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাসসকে জানান, নতুন ইঞ্জিনগুলো যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। প্রতিটি লোকোমোটিভের আনুমানিক দাম ৬৯ কোটি টাকা। ঢাকা–চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে মালবাহী ট্রেনের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
সূত্র: বাসস, ১৭ নভেম্বর ২০২৬। ছবি প্রতীকী।






Leave a Reply