আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ
- আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
- ৩৩ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় হত্যার প্রকৃত কারণ কী—শুধু আইফোন ছিনতাই, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ কথা জানান।
পুলিশ সুপার বলেন, একাধিক তদন্ত দল মাঠে কাজ করছে এবং কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।
তিনি বলেন, ছোট শিশুটির মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধী শনাক্ত না হওয়া পর্যন্ত পুলিশ কাজ চালিয়ে যাবে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধান চালায়। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্ত শেষ হওয়ার আগে তাদের কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে পুলিশ জানায়নি।






