
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) জানিয়েছে, ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ আগামী ১ নভেম্বর লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য—‘আজকের অর্জনকে সম্মান, আগামী দিনের সাফল্যের অনুপ্রেরণা’।
বিসিএর ভাষ্য অনুযায়ী, টানা ১৯ বছর ধরে এই অ্যাওয়ার্ডস ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এবারের আয়োজনে রেস্টুরেন্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, শেফ, ম্যানেজার, কর্মী এবং উদীয়মান ব্যবসায়ী নেতাদের অবদান তুলে ধরা হবে।
আয়োজকেরা জানান, ব্রিটিশ বাংলাদেশি রেস্টুরেন্ট ও হসপিটালিটি ব্যবসা কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় কমিউনিটিকে সহায়তা এবং যুক্তরাজ্যে দক্ষিণ এশিয়ার খাবার ও সংস্কৃতি জনপ্রিয় করতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। ২০২৬ সালের অ্যাওয়ার্ডসে এসব অবদানের পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও আলোকপাত করা হবে।
এবারের অ্যাওয়ার্ডস ও নৈশভোজ আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে একটি কমিটি, যার আহ্বায়ক আতিক রহমান বিইএম।
বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই বলেন, ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অ্যাসোসিয়েশন ও ব্রিটিশ বাংলাদেশি হসপিটালিটি শিল্প—উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে শিল্পের সঙ্গে যুক্ত মানুষের নিষ্ঠা, উদ্যোগ ও অবদানকে সম্মান জানানো হবে।
বিসিএ সেক্রেটারি জেনারেল টিপু রহমান বলেন, এই অ্যাওয়ার্ডস শিল্পে শ্রেষ্ঠত্ব উদযাপন এবং নতুন প্রজন্মের হসপিটালিটি পেশাজীবী ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার একটি সুযোগ।