হালনাগাদের অভাবে পিছিয়ে কুবির ওয়েবসাইট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের লন্ডন সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা হালনাগাদের অভাবে পিছিয়ে কুবির ওয়েবসাইট এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত

হালনাগাদের অভাবে পিছিয়ে কুবির ওয়েবসাইট

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সংক্রান্ত প্রতিবেদন

প্রযুক্তির আধুনিকতা ও তথ্যের সহজলভ্যতার যুগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার ও নির্ভরযোগ্য মাধ্যম। ভর্তি, ক্লাস রুটিন, পরীক্ষার সময়সূচি, ফলাফল, গবেষণা কার্যক্রম ও শিক্ষক পরিচিতিসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক তথ্য সহজে পাওয়ার প্রধান মাধ্যম একটি আধুনিক ও তথ্যবহুল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ একটি ওয়েবসাইটের অভাব কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্যের অপ্রতুলতা ও নিয়মিত হালনাগাদের অভাব দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ বিভাগে একাডেমিক কারিকুলাম, রুটিন, ফলাফল ও স্নাতকোত্তর কার্যক্রম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। গবেষণা ও প্রকাশনা সংক্রান্ত তথ্যও অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত। এছাড়া অনলাইন সনদ ও ফলাফল যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, কিছু বিভাগের একাডেমিক কারিকুলাম ও রুটিন দেওয়া থাকলেও বেশির ভাগ বিভাগে শুধু লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য রয়েছে। প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল প্রকাশের সুযোগ থাকলেও সংশ্লিষ্ট সেকশনগুলোতে তথ্য হালনাগাদ করা হয়নি। অনেক বিভাগে স্নাতকোত্তরের কোর্স চলমান থাকলেও সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যের উল্লেখ নেই।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সনদ যাচাই পদ্ধতি ও শিক্ষার্থীদের তথ্য অনলাইন ডাটাবেইজে সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন। নামের মিল থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারণে সনদ যাচাই করতে গিয়ে উচ্চশিক্ষাসহ বিভিন্ন চাকরির বোর্ডে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও তারা জানান।

ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পরিচয়ও বিস্তারিত নয়। কিছু বিভাগে শিক্ষকদের গবেষণার বিষয় সংযুক্ত থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এ সংক্রান্ত তথ্য অনুপস্থিত। রিসার্চের জন্য পৃথক সেকশন থাকলেও সেখানে তথ্য হালনাগাদ নেই বলে দেখা গেছে।

আইন বিভাগের শিক্ষার্থী বায়জিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যের বড় অভাব রয়েছে এবং অনলাইনে ফলাফল বা সার্টিফিকেট যাচাইয়ের ব্যবস্থা না থাকায় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। তিনি ওয়েবসাইটকে আধুনিক, তথ্যসমৃদ্ধ ও শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. এমদাদুল হক বলেন, নিয়মিত হালনাগাদ না করায় শ্রেণি কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, ফলাফল কিংবা চলমান গবেষণাসংক্রান্ত তথ্য ওয়েবসাইটে পাওয়া যায় না। তিনি ওয়েবসাইটটি যথাযথভাবে উন্নয়ন ও নিয়মিত হালনাগাদের দাবি জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট একটি প্রতিষ্ঠানের চেহারা। শিক্ষক, শিক্ষার্থী, গবেষণা, একাডেমিক কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে বাইরের মানুষ প্রথমে ওয়েবসাইট থেকেই ধারণা নেয়। তিনি নিয়মিত সংবাদ, নোটিশ, গবেষণা ও গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রকাশের পাশাপাশি শিক্ষকদের প্রোফাইল সমৃদ্ধ করা এবং বিভাগভিত্তিক ড্যাশবোর্ড চালুর পরামর্শ দেন। শিক্ষার্থীদের গবেষণা ও থিসিস ডিজিটালভাবে সংরক্ষণ এবং আলাদা লগইন ব্যবস্থার মাধ্যমে ফলাফল, ট্রান্সক্রিপ্ট, সনদ যাচাই ও আবেদন প্রক্রিয়া অনলাইনে আনার কথাও বলেন তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম শরীফুল করীম বলেন, ‘আমি আইসিটি সেল এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। পূর্বে সকল সমস্যাগুলো চিহ্নিত করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিব।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT