কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবাগত রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত) স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগীয় মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় পূরণ করা ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়া ভর্তি ফি বাবদ ১৪,৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এর পাশাপাশি ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফি পরিশোধ করতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাইগ্রেশন অন/অফ (চালু/বন্ধ) করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন “অফ” করলে পরবর্তীতে “অন” করার সুযোগ পাবেন না।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের এবং ৩১ জানুয়ারি বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৫ ফেব্রুয়ারি তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT