বিদেশীদের নিরাপত্তা ছাড়পত্রের আবেদন এখন সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

বিদেশীদের নিরাপত্তা ছাড়পত্রের আবেদন এখন সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

বিডা’র নতুন কর্মানুমতির ভিত্তিতে বিদেশি বিনিয়োগকারী ও কর্মীদের জন্য দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল সেবা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ঘোষণা করেছে, আগামীকাল থেকে ‘নিরাপত্তা ছাড়পত্র’ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে শুরু হবে। বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীরা এখন বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল (https://bidaquickserv.org/) এর মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন জমা দিতে পারবেন।

বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিদেশি বিনিয়োগকারী ও কর্মীকে কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন অবশ্যই বিডা ওএসএস পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের পর ২১ কার্যদিবসের মধ্যে কোনো আপত্তি না থাকলে নিরাপত্তা ছাড়পত্র মঞ্জুর হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট কর্মানুমতি বাতিল হয়ে যাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়ায় বিনিয়োগকারীরা এখন আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাবেন। এটি বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “ডিজিটালাইজড নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া আন্তঃসংস্থাগত সমন্বয়কে শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের ভিসা ও কর্মানুমতি সংক্রান্ত সেবা আরও সহজ করবে। আমরা বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় চালিয়ে যাব, যাতে সেবার মান ও কার্যকারিতা ক্রমাগত উন্নত হয়।”

গত ২ সেপ্টেম্বর বিডা প্রধান কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির উপস্থিতিতে একটি আন্তঃসংস্থাগত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি), আইন-শৃঙ্খলা সংক্রান্ত সংস্থা এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা নবায়ন ও ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজ করা হচ্ছে, নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু হচ্ছে, ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানের সুযোগ হচ্ছে এবং আন্তঃসংস্থাগত ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরি করা হচ্ছে। এই কার্যক্রম এই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT