
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নারী দল প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে। ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ সেটে হারে দলটি।
সোমবার (১১ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় কুবি নারী দল।
দলের সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিথী আক্তার কাজল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিনা মনিকা এবং ফার্মেসি বিভাগের সাদিয়া নওরিন।
সাদিয়া নওরিন বলেন, শুরু থেকেই দলের আত্মবিশ্বাস ভালো ছিল এবং ফিকচার দেখার পর তাদের বিশ্বাস ছিল ফাইনালে যাওয়া সম্ভব। তিনি নিয়মিত অনুশীলন ও জিম সুবিধার ঘাটতির কথাও উল্লেখ করেন।
বিথী আক্তার কাজল বলেন, প্রথমবার ফাইনালে উঠতে পেরে তারা আনন্দিত এবং রানার্সআপের এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।
টিম ম্যানেজার ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, দলের সদস্যরা ভালো পারফর্ম করেছে এবং প্রয়োজনীয় পরিবেশ ও সঠিক গাইডলাইন পেলে ভবিষ্যতে আরও ভালো ফল করা সম্ভব।