শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশনা

- আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
- ২২ বার দেখা হয়েছে


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষাপঞ্জির অংশ হিসেবে সারা বছর ১০ ধরনের খেলাধুলা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে মাঠপর্যায়ে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে।
নির্ধারিত খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে কার্যক্রমটি নেওয়া হয়েছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে জানান, শ্রেণিকক্ষের নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষাপঞ্জি অনুযায়ী এসব খেলা আয়োজনের জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসের বিরতি বা নির্ধারিত সময়ে খেলাধুলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে অংশ নিতে পারবে।
মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কর্মকর্তারা জানান, আগে মূলত মৌসুমি প্রতিযোগিতা হলেও সারা বছর নির্দিষ্ট দশটি খেলা আয়োজনের সুস্পষ্ট সূচি ছিল না। নতুন উদ্যোগের উদ্দেশ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত দক্ষতা বাড়ানো।
সূত্র: বাসস, ১৬ নভেম্বর ২০২৬। ছবি: প্রতীকী।






Leave a Reply