লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময়, প্রবাসীদের নিরাপত্তা ও কালুরঘাট সেতু নিয়ে আলোচনা

- আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
- ৫৪ বার দেখা হয়েছে


যুক্তরাজ্য সফররত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময় সভা করেছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় পূর্ব লন্ডনের ‘আড্ডা ঘর’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় লন্ডনপ্রবাসী চট্টগ্রামবাসীর পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের পর সংগঠনের পক্ষ থেকে অতিথিকে ফুল ও সম্মাননা জানানো হয়।
গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি প্রবাসীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে দেশে অবস্থানকালে, বিশেষ করে বিমানবন্দরে, প্রবাসীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করতে চট্টগ্রামের সংসদ সদস্যদের সমন্বিত উদ্যোগেরও দাবি জানান। জবাবে সরোয়ার আলমগীর বলেন, প্রবাসীদের দেশে যাতায়াতের সময় হয়রানি কমানো এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি কাজ দ্রুত দৃশ্যমান করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।
সভায় সংগঠনের ট্রাস্টি, কার্যনির্বাহী কমিটির সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনীতিক ও কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
শহিদুল ইসলাম, প্রতিনিধি






Leave a Reply