নোটিশ:

অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জন্য আয়োজিত দোয়া মাহফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবির বাংলা বিভাগ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, কলা অনুষদের ডিন ড. শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মাওলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কুরআন খতম, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, “অপ্রতিম শুধু নাহিদা বেগমের একার সন্তান নয়। অপ্রতিম আমাদের বাংলা বিভাগের সন্তান, এই বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তান। তাঁর মৃত্যুতে আমরা সকলেই ব্যথিত।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “অপ্রতিমের জন্য এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আমরা সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবো, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের নসিব করেন।”

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোরকে (১৫ ও ১৬ বছর) এবং জড়িত সন্দেহে মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সিয়াম ছাড়া বাকি তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT