
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বিজয়ী হয়েছেন। দেয়াল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জয় ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে আবুল হাসানের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। গুরুত্বপূর্ণ এই আসনে দুই জোটের লড়াই ছিল হাড্ডাহাড্ডি।
জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী আবুল হাসান পেশায় একজন ইমাম, খতিব ও শিক্ষক। ১৯৯৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। ২০০০ সালের জুন থেকে তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর আবুল হাসান বলেন, “আল্লাহর রাসুল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই অনুসরণে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে।