নোটিশ:

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে চিকিৎসা নিতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে
Khaleda Zia

শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। চিকিৎসা বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।

মাহাদী আমীন লিখেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে, সে জন্য প্রতিটি পদক্ষেপ নিজে তদারকি করছেন তারেক রহমান। প্রতিদিন হাসপাতালে বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করলেও ইনফেকশনের ঝুঁকিতে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দূর থেকেই নেতাকর্মীরা ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, শারীরিক উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে তিনি চার মাস চিকিৎসা নিয়ে উল্লেখযোগ্যভাবে সুস্থ হয়েছিলেন। পাশাপাশি একটি আধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও জাতিকে অনুপ্রাণিত করবেন বলে আশা প্রকাশ করেন মাহাদী আমীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT