নোটিশ:

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে
রাজবাড়ী মোটরসাইকেল দুর্ঘটনা

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে রিয়াদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমতের ছেলে। তিনি রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করতেন। আহত যুবক রনো (২০) সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রনজিদের ছেলে।

কাদেরিয়া বেকারির কর্মচারীরা জানান, সকালে রিয়াদ বেকারিতে আসে। কোনো কাজে রেলগেটে যেতে চায়। তখন বেকারির মাল নিতে আসা এক যুবক বড়পুলের দিকে যাবে বলে জানালে রিয়াদ তার মোটরসাইকেলে ওঠে। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ রওশন আরা আক্তার বলেন, “দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালেই রিয়াদের মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল।” অপর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT