
প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট আবাসিক হলগুলোতেও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা আগামীকাল (১৯ আগস্ট) পর্যন্ত তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতায় এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই জাকসু ও হল সংসদ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার নতুন দ্বার উন্মুক্ত করবে এবং ক্যাম্পাসে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে।