
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বিইউএফটি মান ২০২৫’-এ চমক দেখালেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) পুরস্কারের ঘোষণা করা হয়। তিনদিনব্যাপী সম্মেলনটি ১৪-১৬ আগস্ট ঢাকাস্থ বিইউএফটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের ১০ সদস্য অংশ নেন।
সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি)-তে ‘স্পেশাল মেনশন ২’ পুরস্কার অর্জন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার। একই সঙ্গে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-তে ‘স্পেশাল মেনশন ৩’ পুরস্কার অর্জন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রুবাইয়া সাথী এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শিহাব আহমেদ আশিক।
এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের সায়েদা সাবরিনা আলম ‘অনারেবল মেনশন’ এবং অর্থনীতি বিভাগের সাবিকুন নাহার নাসফি ‘ভার্বাল মেনশন’ পুরস্কার অর্জন করেন। অন্যদিকে, ফাদিয়া মোশাররাত আদ্রিতা প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সর্বদলীয় সভায় এবং তুনি আননিয়া দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক প্রেসে।
সম্মেলনে কুবির দুই শিক্ষার্থী এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ইমতিয়াজ আহমেদ চিন্ময় জাতিসংঘের মানবাধিকার পরিষদের পরিচালক হিসেবে এবং আনিকা তাবাসসুম সাদিয়া জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কুবি ছায়া জাতিসংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, “আমি তাদের এই সফলতায় গর্বিত। আমি বিশ্বাস করি, তারা এই সফলতার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের ধারাবাহিকতা বজায় রাখবে।”