মাভাবিপ্রবিতে রুফাইদা আল-আসলামিয়ার নামে নারীদের জন্য আল-আসলামিয়া পর্দা কর্ণার স্থাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

মাভাবিপ্রবিতে রুফাইদা আল-আসলামিয়ার নামে নারীদের জন্য আল-আসলামিয়া পর্দা কর্ণার স্থাপন

মাভাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স সাহাবী রুফাইদা আল-আসলামিয়া (রা:)-এর নামে পর্দাশীল নারী শিক্ষার্থীদের জন্য ‘আল-আসলামিয়া পর্দা কর্ণার’ স্থাপন করা হয়েছে। এই উদ্যোগটি নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।

গত জানুয়ারিতে নারী শিক্ষার্থীরা প্রথমে এস্টেট পরিচালক ড. মো: আশরাফ আলীর কাছে আবেদন করেছিলেন। কিন্তু কোনো পদক্ষেপ না পাওয়ায়, দ্বিতীয় ধাপে ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: ফজলুল করীমের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে অনেক নারী শিক্ষার্থী পর্দা মেনে চলেন। অ্যাকাডেমিক ব্যস্ততার কারণে হলে বা মেসে খাবারের সুযোগ না থাকায় ক্যাফেটেরিয়াই তাদের প্রধান ভরসা। কিন্তু পর্দাব্যবস্থা না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারছিলেন না, যা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

অবশেষে ৮ আগস্ট নারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কাঙ্ক্ষিত কর্ণারটি স্থাপন করা হয়। কর্ণারের নামকরণের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীরা জানান, রুফাইদা আল-আসলামিয়া (রা:) ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম নার্স। তিনি সাহাবীদের সেবা-শুশ্রূষা করতেন। মদীনায় মসজিদে নববীর পাশেই ছিল তার ‘চেম্বার’ বা তাঁবু, যাকে বলা হতো খাইমাতু রুফাইদা। মদীনায় কেউ অসুস্থ হলে বা যুদ্ধে আহত হলে সরাসরি তার তাঁবুতে চিকিৎসা নিতে যেতেন। তার সময়ে তিনি বহু নারীকে চিকিৎসা বিদ্যা শেখান। তিনি ছিলেন একটি সভ্যতায় নারীর অংশগ্রহণের উজ্জ্বল প্রতীক। এই সম্মানার্থেই কর্ণারটির এই নামকরণ করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আলহামদুলিল্লাহ, এটি ছিল আমাদের দীর্ঘ প্রতীক্ষিত চাহিদা। ভাইস চ্যান্সেলর স্যার ও সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ, এত সুন্দরভাবে বিষয়টি বাস্তবায়ন করার জন্য।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রুফাইদা আল-আসলামিয়ার (রা:) নামে নার্সিং কলেজ রয়েছে। যেমন- পাকিস্তানের পেশোয়ারে একটি কলেজের নাম রুফাইদা (রা:) নার্সিং কলেজ। বাহরাইনের একটি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর রয়্যাল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড-এর উদ্যোগে সেরা নার্সকে রুফাইদা (রা:) নার্সিং অ্যাওয়ার্ড দেয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT